
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ৪ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মামলার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ১৫ লাখ টাকাসহ বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও চেক বই উদ্ধার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, নওগাঁ সদর উপজেলার আকেল্পপুর মধ্যপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম (রিপল) (৩৭)—যিনি উক্ত শাখার একজন হিসাবধারী গ্রাহক চলতি হিসাবের বিপরীতে ২০১৫ সালে ১ লাখ টাকা সীমানায় ‘মিডমাহ’ ক্রেডিট কার্ড ইস্যু করান।
পরবর্তীতে আসামি ওই কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক পিএলসি-র এটিএম/সিআরএম বুথ থেকে এসপিজিএসবি গেটওয়ে-র মাধ্যমে ৫৩টি হিসাব স্থাপনসহ বিভিন্ন ব্যাংকের হিসাবে ধারাবাহিক কায়দায় অর্থ স্থানান্তর করেন।
শুরুতে প্রতি লেনদেনে ১ লাখ টাকার কম অঙ্কে অর্থ স্থানান্তর করলেও পরবর্তীতে তা বৃদ্ধি করে প্রতি লেনদেনে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত স্থানান্তর করেন, যা অনুমোদিত সীমার অতিরিক্ত।
গত জুলাই ২০২৫ থেকে ২০২৬ সালের ৮ নভেম্বর পর্যন্ত ৪২০টি অভিন্ন লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করেন আসামি।
গত ১১ নভেম্বর দিবাগত রাতে বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রধান আসামি মো. শহিদুল ইসলাম (রিপল) এবং তার সহযোগী ও তদন্তে প্রাপ্ত আসামি ওয়ালিহা তাবাহুন্নিকিফি (২৮)-কে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বগুড়া থেকে তাদের ভাড়া বাসা থেকে আলমারির ভেতরে ব্যাগে থাকা বিভিন্ন কায়দায় আত্মসাৎকৃত ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ৭টি, চেক বই ৩০টি এবং অপরাধ কাজে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
