
নিজস্ব প্রতিবেদক :
এতিম শিশুদের খাদ্য, শিক্ষা ও চিকিৎসার ব্যয় মেটাতে রাজশাহীর পবা উপজেলার ১২১ শিশুর পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল ওয়ান বাংলাদেশ। সংস্থাটির ‘অরফানকেয়ার প্রজেক্ট’-এর আওতায় শিশুদের জন্য ত্রৈমাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্লোবাল ওয়ান বাংলাদেশ রাজশাহী অঞ্চলে নারী, শিশু, প্রবীণ ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পবার ১২১ এতিম শিশুর খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে সংস্থাটির উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের অন্য প্রতিষ্ঠানগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সহায়তা কর্মসূচির আওতায় আনতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ওয়ানের বোর্ড ডিরেক্টর আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন ও গ্লোবাল ওয়ান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. রমজান আলী।
অনুষ্ঠানে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় প্রত্যেক শিশুকে পড়াশোনার খরচ বাবদ ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি শিশুর পরিবারের জন্য চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, আলু, লবণ, চিনি, গুঁড়া দুধ, হরলিক্স ও বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এ ছাড়া শিশুদের হাতে খাতা, কলম, রঙিন পেনসিল, গোসলের সাবান ও কাপড় কাচার সাবান তুলে দেওয়া হয়। শুধু খাদ্য ও শিক্ষা সহায়তাই নয়, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার ব্যবস্থাও রাখা হয়েছে।
আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে এতিম শিশুদের পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছে গ্লোবাল ওয়ান বাংলাদেশ।
