
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ নারীকে দেখতে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। এ সময় ভুক্তভোগীকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর দড়িখরবোনা এলাকায় ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার। এ সময় তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসা এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
পাশাপাশি মানবিক সহমর্মিতার অংশ হিসেবে ভুক্তভোগীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন আরএমপি কমিশনার। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি ভুক্তভোগীর পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম, বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
