
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর আদালত চত্বরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ইয়ামিন আলী নামে এক আইনজীবীকে ইট, বাঁশ ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটা দিকে আদালত চত্বরের আরআরএফ অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন আইনজীবীরা।
আহত আইনজীবী ইয়ামিন আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা। জমিসংক্রান্ত বিরোধের একটি মামলার বাদী তিনি। রোববার ওই মামলার ধার্য তারিখে আদালতে আসেন তিনি। মামলার আসামিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা করার কারণে এর আগেও আদালত চত্বরে ইয়ামিন আলীকে মারধর করেছিলেন অভিযুক্তরা। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ সঠিকভাবে তদন্ত না করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। সে ঘটনার বিচার না হওয়ায় আবারও হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী আরআরএফ অফিসের সামনে ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।
