
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা, চন্দ্রিমা থানা, রাজপাড়া থানা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার করেছে। এসব অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে শাহমখদুম থানা পুলিশ কুচপাড়া চার রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার বড়বনগ্রাম (উত্তর রায়পাড়া) গ্রামের মো. বাবর আলী ভিকুর ছেলে মো. লিটন (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবেলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।
অপরদিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো. মতিন ওরফে বুদ্দিনের স্ত্রী ও মৃত মান্নানের মেয়ে মোসা. সোনিয়া বেগম (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবেলেট উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার দাশপুকুর (মধ্যপাড়া) গ্রামের মো. মতিউর রহমান ওরফে মতিয়ার রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন ওরফে সবুজ (৩২); তেরখাদিয়া (পশ্চিমপাড়া) গ্রামের মো. সাহাবুল ইসলামের ছেলে মো. মারুফ হোসেন (২০) এবং দামকুড়া থানার বেরপাড়া গ্রামের মো. নাজিমুদ্দিন ইসলামের ছেলে মো. ছাদিকুল ইসলাম (২০) ও কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে বর্তমানে দামকুড়া থানার আলোকছত্র গ্রামে বসবাসরত মো. মুকুল (৪৪) কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা, ২ পিস ট্যাপেন্টাডল ও ৩৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ইসমাইল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ টি এবং পেনাল কোড আইনে ১টি মামলা রয়েছে।
অন্যদিকে, গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ১১টায় বোয়ালিয়া থানা পুলিশ শিরোইল এলাকার ঢাকা বাস স্ট্যান্ডের সামনে তিন মাথা মোড়ে অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার পত্নিতলা থানার ঐবত্তখন্ড গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. মানিউর রহমান (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
