আজ- , ,

রাজশাহীতে বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, মসজিদ আল্লাহর ঘর। দলমত নির্বিশেষে পবিত্র এই ঘরের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় মসজিদ কমপ্লেক্সটির উন্নয়ন সম্ভব। এ সময় তিনি মসজিদ কমপ্লেক্সের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সিটি করপোরেশন মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের উন্নয়নেও সহযোগিতা করা হবে। এটি নির্মিত হলে এলাকার মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মো. মুরাদ হোসেন।

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আলহাজ আবু সাঈদ ও আলহাজ আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ও আলহাজ মো. আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আলহাজ আব্দুর রউফ সরকারসহ কমিটির অন্যান্য সদস্য, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসিম উদ্দীন আরজুসহ অন্যান্য কর্মকর্তা, এলাকার মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মহানগর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 November 2026

রাজশাহীতে বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী

www.prokashkal.com |
/Prokashkal