আজ- , ,

ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় এগুলোকে সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। একই সঙ্গে শিশু-কিশোরদের বিপথগামিতা থেকে রক্ষায় অভিভাবকদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে পবার আল-হেরা ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসার আবাসিক ভবনের বেজ ঢালাইয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে এমপি মিলন বলেন, ‘আল্লাহর ঘরকে আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে রাখব। এখানে যেন কোনো ধরনের রাজনীতি প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। আমি করতে চাইলেও আপনারা করতে দেবেন না, অন্য কেউ করতে চাইলেও দেবেন না। সবাই মিলে এর পবিত্রতা রক্ষা করব।’

সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিশু-কিশোরদের নানা প্রলোভন দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাদের দিয়ে গাড়িতে আগুন দেওয়া ও মানুষের বাড়িঘর পোড়ানোর মতো কাজে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের বিপথগামিতা থেকে সন্তানদের রক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় ইসলামের আদর্শ ও নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, প্রতিটি কাজের মধ্যেই ইবাদতের সুযোগ রয়েছে। মহান আল্লাহর হুকুম-আহকাম মেনে চলা সবার দায়িত্ব। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আল্লাহর রহমতে মাদ্রাসার উন্নয়নকাজ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আবাসিক ভবনের বেজ ঢালাইয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য। এ সময় বিশেষ মোনাজাত করা হয়।

মাদ্রাসার সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শাহিন রেজা শান্নান, মাদ্রাসার প্রধান শিক্ষক মোকাম্মেল হোসেন, যুবদলের সাবেক সদস্য রবিউল আউয়াল, ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল ও বিএনপি নেতা সজিব।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 November 2026

ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন

www.prokashkal.com |
/Prokashkal