আজ- , ,

রাজশাহীকে জাতীয়-আন্তর্জাতিক ক্রীড়ার কেন্দ্র করতে চান রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্যে নগরীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর সমৃদ্ধ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা। ক্রীড়া যেন শুধু শখের মধ্যে সীমাবদ্ধ না থেকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যেও কাজ করতে হবে। খেলোয়াড়রা নিজেদের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন—এমন পরিবেশ তৈরি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশন ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীতে খেলাধুলার সুযোগ বাড়বে এবং নতুন প্রজন্ম ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চা সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
22 November 2026

রাজশাহীকে জাতীয়-আন্তর্জাতিক ক্রীড়ার কেন্দ্র করতে চান রাসিক প্রশাসক

www.prokashkal.com |
/Prokashkal