নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ২২৮ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও আটক করা হয়েছে।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল ভোলাহাট থানার পঞ্চানন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পলাতক আসামি গোলাম মোর্শেদের বসতবাড়িতে থাকা মোছা. রাশিদার শয়নকক্ষ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
অভিযানে ২২৮ বোতল ফেন্সিডিলের পাশাপাশি মাদক বিক্রিতে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলাহাট উপজেলার পাঁচটিকরী গ্রামের মো. মিম ওবায়দুল্লাহ (৩৬) ও মো. শাকিল (২২)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
আটক ৩
শাহান আলী শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুর থেকে গভীর রাতে এক দরিদ্র কৃষকের গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে দিনাজপুরে ঘোরাঘাটের রানীগঞ্জ হাটে বিক্রি করার সময় ৩ গরুসহ চোরকে আটক করেছে হাট কর্তৃপক্ষ। পরে তাদের মারধর দিয়ে চুরি করা গরু সহ পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামে। ওই গ্রামের কৃষক বিপ্লবের ৪টি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়, এর মধ্যে একটি গাভী গরু ৯ মাসের গর্ভবতী ছিল।
আটককৃত চোরেরা হলো, বগুড়া জেলার শিবগঞ্জ থানার কুকি কালিদাস গ্রামের মৃত গফফারের ছেলে আব্দুল সামাদ (৫৬), মৃত খয়বারের ছেলে আবু তাহের (৪২) ও মোঃ দুকতের ছেলে আমিরুল ইসলাম (৪০)।
এই বিষয়ে গরুর মালিক বিপ্লব জানান, বুধবার রাত আনুমানিক ২টায় গোয়াল ঘরে গরুগুলো দেখে ঘরে গিয়ে ঘুমিয়ে পরি। ফজরের নামাজের সময় বাইরে এসে দেখতে পাই আমার ৪টি গাভী গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে।
পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় উত্তরাঞ্চলের বিভিন্ন পশুর হাটে খোঁজাখুঁজি করে দিনাজপুরের ঘোড়াঘাট থানার রানীগঞ্জ হাটে পাওয়া যায়। পরে ইজারাদারের সহযোগিতায় ৩জন চোরকে আমার চুরি যাওয়া গরু সহ আটক করা হয়।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, গত বুধবার চরা চিথুলিয়া থেকে ৪টি গরু চুরি হয়। পরে দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ হাটে ইজারাদারের সহযোগিতায় গরুর মালিক গরু সহ চোরদের আটকে রাখে। পরে আমরা খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি টিম ঘোরাঘাট থানায় গিয়ে চুরি যাওয়া ৪টি গাভী ও ৩ চোরকে বৃহস্পতিবার রাতে থানায় নিয়ে আসা হয়।
শুক্রবার নিয়মিত মামলায় চোরদের শাহজাদপুর আমলী আদালতে প্রেরণ করা হয়েছে।
