নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি), বেলপুকুর থানা ও বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি।
পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ দক্ষিণ মোড় এলাকায় অভিযান চালিয়ে আকাশ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আকাশের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় চারটি পেনাল কোড, দুটি মাদক ও একটি অস্ত্র মামলা রয়েছে।
এর আগে একই দিন রাত পৌনে ১১টার দিকে ডিবি পুলিশ রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা (৪৭), সুমন (৩৪) ও আব্দুল্লাহ (৩৫) নামে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানার বিরুদ্ধে রাজপাড়া থানায় দুটি এবং সুমনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এদিকে, বিকেল সোয়া ৫টার দিকে বেলপুকুর থানা পুলিশ ধাদাস গ্রামের সেন্টু (৪৫)-এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেন্টুর বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি এবং পুঠিয়া থানায় দুটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, দুপুর সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা শিল্পীপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে শাওন আলী (১৯) ও সম্রাট ইসলাম (২২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
