নিজস্ব প্রতিবেদক:
দৈনিক রাজশাহীর আলো-এর ১৬তম বর্ষপূর্তি ও ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজশাহীর সাগরপাড়ার অনুরাগ কমিউনিটি কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন দৈনিক রাজশাহীর আলো-এর ১৬ বছরের পথচলায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, গণমাধ্যম সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজশাহীর উন্নয়ন, নাগরিক সেবা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল কালাম আজাদ, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. এস.এম.এ মান্নান, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম রেজা এবং দৈনিক রাজশাহীর আলো-এর প্রধান সৈনিক মো. আজিবার রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
