নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।
এসআরবি-৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার দড়িখরবোনা মোড় এলাকায় বলাকা বিল্ডিংয়ের হিম স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিক্রয়ের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে স্বর্ণ সংগ্রহ করে বিদেশে পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
