নিজস্ব প্রতিবেদক:
প্রযুক্তির আধুনিক কুলিং ও জ্বালানি ব্যবস্থায় ন্যানোফ্লুইডের ব্যবহার ও সম্ভাবনা নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে ‘প্রযুক্তিতে ন্যানোপার্টিকেল-এনহ্যান্সড ফ্লুইডস: অ্যাডভান্সড কুলিং ও এনার্জি অ্যাপ্লিকেশন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন পর্তুগালের ইউনিভার্সিটি অব লিসবনের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো (আইএসটি)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম সোহেল মুর্শেদ।
বক্তব্যে অধ্যাপক সোহেল মুর্শেদ বলেন, সাধারণ তরলের সঙ্গে ন্যানোপার্টিকেল যুক্ত করে তৈরি ন্যানোফ্লুইড ও আয়নোন্যানোকোলয়েড আধুনিক তাপীয় ও জ্বালানি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশেষ করে কুলিং প্রযুক্তি ও তাপ ব্যবস্থাপনায় এসব তরলের ব্যবহার নতুন সম্ভাবনার দ্বার খুলছে।
তিনি ন্যানোফ্লুইডের বর্তমান অগ্রগতি, এর ব্যবহারিক প্রয়োগ, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষ ও কার্যকর কুলিং ব্যবস্থা গড়ে তুলতে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অধ্যাপক ড. এস এম সোহেল মুর্শেদ থার্মোফ্লুইডস ও এনার্জি কনভার্সন প্রযুক্তি বিষয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত গবেষক। তিনি ২০০৭ সালে সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় নিয়মিত স্থান পেয়েছেন। ২০২২ সালে প্রকৌশল ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ইউনিভার্সিটি অব লিসবন সায়েন্টিফিক অ্যাওয়ার্ড’ লাভ করেন।
আন্তর্জাতিক বিভিন্ন খ্যাতনামা জার্নালের সম্পাদক ও মূল্যায়নকারী হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক সোহেল মুর্শেদের ২৮০টির বেশি গবেষণাপত্র, ১৭টি বই এবং ৩৭টি বুক চ্যাপ্টার প্রকাশিত হয়েছে। গুগল স্কলারে তাঁর গবেষণার সাইটেশন সংখ্যা ১৩ হাজার ৭০০-এর বেশি।
সেমিনারে রুয়েটের মেকানিক্যাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
