রুয়েট প্রতিনিধি:
জাতীয় পর্যায়ের বিতর্ক অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ‘শহীদ ওসমান হাদি জুলাই ফর জাস্টিস ডিবেট কম্পিটিশন–২০২৬’-এর শিরোপা জিতেছে রুয়েট ডিবেটিং ক্লাবের দল ‘রুয়েট ডিসি সক্রেটিস’। প্রতিযোগিতার ফাইনালে যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতায় অন্য দলগুলোকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় রুয়েটের দলটি।
‘দ্য জুলাই আপরাইজিং: জাস্টিস, মেরিট অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ডক্টরস ফোরাম (এনডিএফ) প্রতিযোগিতাটির আয়োজন করে। এতে সহযোগিতা করে ‘ডিবেট বাংলাদেশ’। ‘৩৬ জুলাই উদযাপন–২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায়বিচার, মেধা ও জবাবদিহিতার মতো বিষয়গুলোকে বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা হয়।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিতর্ক সংগঠনের ২৪টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দল।
এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রাথমিক পর্বের চারটি রাউন্ড অনলাইনে ডিসকর্ড প্ল্যাটফর্মে সম্পন্ন হয়। প্রাথমিক পর্বের বাধা পেরিয়ে দলগুলো কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। পরবর্তীতে ৯ আগস্ট ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনাল।
চূড়ান্ত লড়াইয়ে নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরে রুয়েট ডিসি সক্রেটিস। যুক্তির ধারাবাহিকতা, তথ্যের যথাযথ ব্যবহার, বক্তাদের পারস্পরিক সমন্বয় ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মূল্যায়নে সেরা হয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।
রুয়েটের এই সাফল্যের সঙ্গে ব্যক্তিগত অর্জনও যুক্ত হয়েছে। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য রুয়েট ডিবেটিং ক্লাবের বিতার্কিক আবিদ মাহমুদ নির্বাচিত হয়েছেন ‘ডিবেটার অব দ্য ফাইনাল’।
প্রতিযোগিতায় মোট ১ লাখ ২ হাজার টাকা প্রাইজমানি নির্ধারিত ছিল। চ্যাম্পিয়ন দল হিসেবে রুয়েট ডিসি সক্রেটিস পেয়েছে ৪০ হাজার টাকা। রানারআপ দল পেয়েছে ৩০ হাজার টাকা এবং দুই সেমিফাইনালিস্ট দল পেয়েছে ১০ হাজার টাকা করে। পাশাপাশি ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ ও ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ ক্যাটাগরিতে যথাক্রমে ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার রাখা হয়।
আয়োজনের ইকুইটি টিমে দায়িত্ব পালন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি মো. ফাহাদ হোসেন এবং বুটেক্স ডিবেটিং ক্লাবের সাবেক চিফ অব ইংলিশ উইং অপ্সরী আবেদীন।
রুয়েট ডিবেটিং ক্লাবের সদস্যরা জানান, জাতীয় পর্যায়ে এমন সাফল্য তাদের নিয়মিত বিতর্কচর্চা ও প্রস্তুতির ফল। প্রতিযোগিতার আগে ধারাবাহিক অনুশীলন, বিষয়ভিত্তিক গবেষণা এবং দলের সদস্যদের সমন্বিত প্রস্তুতি এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে রুয়েটের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
