আজ- রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওলামা দলকে শুধু দোয়া-ইউনুসে সীমাবদ্ধ রাখা যাবে না: ভূমিমন্ত্রী 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

‘ওলামা দলকে আর শুধু দোয়া-ইউনুসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। দোয়া-ইউনুসের পাশাপাশি বলিষ্ঠ নেতৃত্বে আসতে হবে। আগামী দিনে জাতীয় সংসদে আসার মতো যোগ্যতা ওলামা দলের নেতাদের রয়েছে।’

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু শনিবার রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী মহানগর ও জেলা ওলামা দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মিজানুর রহমান মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এ দেশের ‘রাখাল রাজা’ ও আপসহীন জনপ্রিয় নেতা। তাঁর আদর্শে গড়া বিএনপির অঙ্গসংগঠন ওলামা দল চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঈমানি শক্তিতে বলীয়ান হয়ে সুসংগঠিত শক্তিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘আমি ১৯৭৯ সাল থেকেই বিএনপির সঙ্গে আছি। রাজশাহী জেলা ও মহানগর ওলামা দলের এত বড় সম্মেলন এবং এত স্পষ্টবাদী বক্তব্য আগে কখনো শুনিনি।’

ওলামা দলের নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনারা রুখে দাঁড়িয়েছেন এবং ঈমানি শক্তিতে ঐক্যবদ্ধ হয়েছেন। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বলব, ওলামা দল এখন সুন্দর ও শক্ত অবস্থানে রয়েছে।’

ধর্মকে ব্যবহার করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেছে, তাদের কাছ থেকে প্রকৃত আলেম-ওলামাদের সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়ার কথাও বলেন মিজানুর রহমান মিনু। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

বক্তব্যে দেশের রাজনীতিতে দিল্লির প্রভাব নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের জমিন আল্লাহর জমিন। কোনো আগ্রাসী শক্তি, যাদের জন্ম দিল্লিতে বা যারা দিল্লিতে আছে, তাদের কোনো স্থান বাংলাদেশের মাটিতে হবে না।’

মিজানুর রহমান মিনু আরও বলেন, অতীতে যারা ষড়যন্ত্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করেছে, ভবিষ্যতে কোনো চক্রান্ত সফল হবে না। পল্টনের সমাবেশে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেদিন হেলমেট পরে যারা হামলা চালিয়েছিল, তাদের কেউ কেউ এখন বড় বড় পদে রয়েছেন।

সভায় রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. তাজ উদ্দিন খাঁনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ও মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় বক্তব্য দেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী মো. নুরুল আলম। সভায় ওলামা দলের রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: