
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন ও চলাচলের পথ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১১টায় উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী (চান্দের পুকুর) গ্রামের সর্বস্তরের জনসাধারণ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি করছে। তারা নলতা ইউনিয়নের বাসিন্দা সাইদুল, জাকির হোসেন আলী ও আরাফাত হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুর রাজ্জাক, কবির হোসেন, খাদিজা খাতুন, রহিমা খাতুন ও আলেয়া খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচিতে ২০০ জনেরও বেশি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, গত পাঁচ বছর ধরে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছেন। তাদের দাবি, গত ৪ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা কয়েকটি ঘরবাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে এবং এলাকাবাসীর চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো কার্যকর প্রতিকার না পাওয়ায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও তারা জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
