আজ- রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গোখাদ্যের দাম যেন কখনো দুধের দামের চেয়ে বেশি না হয়: প্রাণিসম্পদ উপদেষ্টা 

by Prokash Kal

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “গোখাদ্যের দাম কোনোভাবেই যেন দুধের দামের চেয়ে বেশি না হয়।খামারিরা যদি পরিশ্রম করে গবাদি পশু পালন করে ন্যায্যমূল্যে দুধ বিক্রি করতে না পারেন, তাহলে তাদের শ্রমের সার্থকতা থাকে না।”

তিনি আরও বলেন, “খামারিদের স্বার্থ রক্ষার্থে এবং গোখাদ্যের মূল্য বিবেচনায় রেখে দুধের দাম বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার (৫ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বাথান এলাকায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এলডিডিপি-পিজি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার আরও বলেন, “পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল দেশে সর্বাধিক গবাদিপশু পালনের অঞ্চল।এখানকার মাংস ও দুধ শুধু দেশের চাহিদা নয়,বিদেশেও রপ্তানি হয়। তাই এই অঞ্চলের গবাদিপশুগুলো যাতে খোড়া বা জ্বরা রোগে না ভোগে,তা নিশ্চিত করতে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করতে হবে। ভ্যাকসিন সরবরাহ কোনো অনুগ্রহ নয়—এটি খামারিদের অধিকার,এবং সরকার সে দায়িত্ব পালনে বদ্ধপরিকর।”

তিনি খামারিদের উদ্দেশে বলেন, “আপনারা অধিকার নিয়ে কথা বলুন, দাবি আদায় করুন। আমাদের দেশের ছোট ছোট ছেলেমেয়েরা যেমন জুলাই আন্দোলনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করেছে,আপনাদেরও পিছিয়ে থাকলে চলবে না। আগে কী হয়েছে তা নিয়ে হীনমন্যতায় না ভুগে সামনে এগিয়ে যান।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এ কে এম আনোয়ারুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.সোনালী খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.মো. আবু সুফিয়ান, সম্প্রসারণ পরিচালক ডা.শামসুন্নাহার আহমেদ,পরিচালক এ বি এম আবদুর রাজ্জাক,এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিন, রাজশাহী বিভাগীয় পরিচালক ডা.আনন্দ কুমার অধিকারী, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.বিল্লাল হোসেন,বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ, ফারজানা মিমি প্রমুখ।

You may also like

Leave a Comment

শিরোনাম: