
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে দেড় কেজি হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এই চালানের সঙ্গে জড়িত মূল হোতা ও মাদক সিন্ডিকেটের সদস্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী মডেল থানার দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে ইকবাল হাসান (২৪) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা কার্যালয়ের একটি দল সারইল এলাকায় অবস্থান নেয়। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ বাসে তল্লাশি চালানো হয়। বাসের পেছনের সারির মাঝের আসনে বসে থাকা ইকবাল হাসানের সঙ্গে থাকা একটি অ্যাশ রঙের স্কুলব্যাগ তল্লাশি করে কাপড়ে মোড়ানো ও স্কচটেপে প্যাঁচানো ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
গ্রেপ্তার হওয়া ইকবাল হাসান রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর গ্রামের সাইদুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির ছেলে। অভিযানের সময় তার ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি এ১৬ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১ দশমিক ৫ কেজি হেরোইন এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ৮(গ) ও ৪১ ধারায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কেবল চালান বহনকারীকে গ্রেপ্তার করেই অভিযান শেষ হচ্ছে না। ইকবাল হাসানের ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ, কল রেকর্ড ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য যাচাই করে এই চালানের নেপথ্যে থাকা মূল হোতা, অর্থদাতা এবং পুরো মাদক সরবরাহ চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
