
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর আওতায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগর উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সোমবার (২০ জুলাই) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক।
সভায় মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন। তিনি বলেন, “সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতেই আগামীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।”
তিনি জানান, নগরীর অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, সবুজায়নের জন্য বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। পাশাপাশি সোনাদিঘী মসজিদের সম্প্রসারণ, কেন্দ্রীয় উদ্যান ও শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগোফুর পেট্রোল পাম্প থেকে সাহেববাজার পর্যন্ত সড়কের উন্নয়ন এবং রেলগেট-বর্ণালী, তালাইমারী মোড় ও নওদাপাড়া আমচত্বরসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রশস্ত ও আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
প্রশাসক আরও বলেন, নাগরিক সেবাকে আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় আরইউটিডিপি প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। নগর পরিকল্পনাবিদ বনি আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় টিএলসিসির সদস্যরা রাজশাহী মহানগরের উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। তারা নগর উন্নয়নে প্রশাসকের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, রাজশাহী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ শিরিন সুফিয়া খানম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি দেবাশিষ রায় মধুসহ বিভিন্ন সরকারি দপ্তর, সেবাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
