আজ- বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ

by Prokash Kal
২৪ views

নিজস্ব প্রতিবেদক’

শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই চুক্তি দেশের মেকাট্রনিক্স শিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করার পাশাপাশি শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ একাডেমিক কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা পরিচালনা, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে।

রুয়েটের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. ফিরোজ আলী। খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন একই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সুমাইয়া শাহরিয়া।

অনুষ্ঠান শেষে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা জানান, দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা উন্নত শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আরও বেশি সুযোগ পাবেন। পাশাপাশি যৌথ গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের শিল্পখাতের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পথ আরও সুগম হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ আকন্দ, বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ, রুয়েটের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম ও ড. দিপ কুমার শাহ, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের লেকচারার সুব্রত সরকার রবিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপদেষ্টা অধ্যাপক কর্নেল (অব.) ড. মোহাম্মদ নাজমুল আহসান মল্লিকসহ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: