আজ- বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন 

by Prokash Kal
১২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির হাসান তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর ডিঙ্গাডোবায় নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন।

লিখিত বক্তব্যে নাজির হাসান বলেন, গত ২৭ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে ‘একাত্তর আবাসিক হোটেল’-এর মালিক রাজু ও ‘পিওসি আবাসিক হোটেল’-এর মালিক হাবিবের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে তাঁর নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।

তিনি দাবি করেন, উক্ত ঘটনার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির সঙ্গেও তাঁর কোনো পরিচয় বা যোগাযোগ নেই। তিনি জানান, ঘটনার দিন ও সময় তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলেন। এ দাবির সমর্থনে তিনি সাংবাদিকদের সামনে তাঁর যাতায়াতের ভ্রমণ টিকিট উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে নাজির হাসান আরও অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িত রাজু একজন চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং প্রশাসনের ওয়ারেন্টভুক্ত আসামি। অথচ প্রকৃত ঘটনা অনুসন্ধান না করেই তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে তিনি দাবি করেন।

তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নাজির হাসান এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: