
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন কোনো ভাড়া নির্ধারণ করেনি রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। তবে কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদারকিতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাসিকের প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় কিছু অটোরিকশা চালক যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে রাসিক স্পষ্ট করেছে যে, তারা অটোরিকশার ভাড়া বৃদ্ধি বা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করেনি।
গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অটোরিকশা চালকদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকির লক্ষ্যে বৃহস্পতিবার নগরীর বর্ণালী, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায় রাসিকের রাজস্ব বিভাগ। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সিটি কর্পোরেশন কর্তৃক কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে অবহিত করেন। পাশাপাশি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
তদারকি কার্যক্রমে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
