আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেফতার ৪

by Prokash Kal
১১৬ views

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার তানভীর রানা প্রান্ত (২২), লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার শামীম (৩৫), আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার রাব্বি (২০) এবং ভাটাপাড়া এলাকার নূর আলম (২৫)।

পুলিশ জানায়, নিহত অটোরিকশা চালক মামুনুর রশিদ (৫০) গত ২ মে বিকেলে ভাড়ার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহতের বড় ভাই বাবুল বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

গত ১৫ মে দিবাগত রাত সোয়া ২টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাত পৌনে ৪টা ও পৌনে ৫টার দিকে আরও দুই আসামিকে আটক করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত শামীমের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিভিন্ন আইনে ছয়টি মামলা রয়েছে। এছাড়া রাব্বির বিরুদ্ধে রাজপাড়া ও তানোর থানায় দুটি মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: