আজ- শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি হাসুয়া, তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে নগরের বোয়ালিয়া থানার কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে এবং বর্তমানে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় বসবাসকারী এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন (২৫)।

পুলিশ জানায়, হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা একটি হাসুয়া, একটি ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। সিফাজ হোসেনের কাছ থেকে কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে তাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মনোগ্রাম ব্যবহার এবং একটি মোবাইল নম্বর ‘হোয়াটসঅ্যাপ’ নামে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া যায়।

পুলিশের ভাষ্য, উদ্ধার করা ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন ব্যবহার করে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ আরও জানায়, হাসান মুক্তাদির কিউটের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় পেনাল কোডের ধারায় সাতটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে সিফাজ হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পেনাল কোডের ধারায় একটি এবং চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

সরকারি কর্মচারী না হয়েও সরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার এবং ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোনের মাধ্যমে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থানের অভিযোগে তাঁদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

এ ধরনের অপরাধ থেকে সতর্ক থাকতে এবং সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে আরএমপি।

You may also like

Leave a Comment

শিরোনাম: