
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর কর্ণহার থানার চকদর্শনপাড়া গ্রামে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস, খেজুর পাতার পাটি ও নগদ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে কর্ণহার থানার পুলিশ চকদর্শনপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের মো. সোহাগের চায়ের দোকানের সামনের বারান্দায় জুয়া খেলার সময় লিমন হোসেন (২৮), মুরাদ আলী (৫৫), ইসরাফিল হোসেন (৪৪), আব্দুল বারিক (৬০), হেলাল আলী (৫০) ও সোহাগ (২৮)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৩৫৫ টাকা, এক সেট পুরোনো তাস ও একটি খেজুর পাতার পাটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কর্ণহার থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
