আজ- সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ গ্রেপ্তার ৬

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও চোলাইমদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, কর্ণহার, রাজপাড়া, মতিহার ও পবা থানা-পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানা-পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান চালিয়ে তানভীর হাসান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি কয়েরদ্বারা মিতালী ক্লাবমোড় গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণহার থানা-পুলিশ দারুশা বাজার এলাকায় চেকপোস্ট অভিযান চালিয়ে নাঈম হোসেন (২৬) নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি শাহমখদুম থানার বড়বাড়ীয়া উত্তরপাড়া গ্রামের আলাল উদ্দীনের ছেলে। তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন বিকেল পাঁচটার দিকে রাজপাড়া থানা-পুলিশ কোর্ট স্টেশন মোড় এলাকায় অভিযান চালিয়ে নবাব আলী (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি তানোর থানার বাকশপুর গ্রামের ইনসান আলীর ছেলে এবং বর্তমানে মহিষবাথান এলাকায় বসবাস করেন। তাঁর কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ও তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে, ৫ সেপ্টেম্বর রাত পৌনে তিনটার দিকে মতিহার থানা-পুলিশ চরশ্যামপুর মিজানের মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বাদশা মিয়া (৩২) ও আলমগীর ইসলাম (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করে। বাদশার কাছ থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ হাজার ৯২০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আলমগীরের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মাদক সেবনের কাজে ব্যবহৃত একটি রোল পেপার জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে বাদশার সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন। পুলিশের দাবি, বাদশা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন বেলা সোয়া তিনটার দিকে পবা থানা-পুলিশ বড়গাছি বাজারের পুরোনো বিএডিসি গোডাউন এলাকায় অভিযান চালিয়ে হামিদুর রহমান ওরফে ইরাক (২৪) নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি বড়গাছি কুঠিপাড়া গ্রামের তাহাসিন আলীর ছেলে। পুলিশের ভাষ্য, নেশাজাতীয় দ্রব্য সেবন করে জনমনে শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২৫০ মিলিলিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: