আজ- রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার ৪

by Prokash Kal

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাটাখালী ও বোয়ালিয়া থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে কাটাখালী থানার পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রনি শেখকে (২৬) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা এক বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, রনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি এবং আরএমপির বিভিন্ন থানায় পাঁচটিসহ মোট ছয়টি মাদক মামলা রয়েছে।

একই দিন রাত পৌনে একটার দিকে কাটাখালী থানার পুলিশ নওদাপাড়া এলাকায় মো. আ. সালামের ছেলে মো. রুস্তম আলীর (৪০) বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, রুস্তমের বিরুদ্ধে মতিহার ও কাটাখালী থানায় পৃথক দুটি মামলা রয়েছে।

অন্যদিকে, শুক্রবার রাত দুইটার দিকে বোয়ালিয়া থানার পুলিশ শিল্পীপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে সুজানগর শিল্পীপাড়া গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো. জহুরুল ওরফে জনিকে (৩৯) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে বোয়ালিয়া থানার পুলিশ খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে কেদুরমোড় গ্রামের মৃত শাজাহানের ছেলে মো. সোহেলকে (৩৬) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: