
নিজস্ব প্রতিবেদক:
‘প্রতিবন্ধী ব্যক্তির সমঅধিকার: সমতার বাংলাদেশ গড়ার মূল অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের আয়োজনে এবং সাইটসেভার্স ও সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবারেরই সদস্য। সমাজের অন্যান্য মানুষের মতো তাঁদেরও সব ক্ষেত্রে ন্যায্য অধিকার রয়েছে। তাঁদের অধিকার নিশ্চিত ও সুপ্রতিষ্ঠিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার ও রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. আসাদুজ্জামান চৌধুরী রাসেল।
কর্মশালার সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সদস্য মারুফা ইয়াসমিন মনিকা।
কর্মশালায় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা অংশ নেন।
