আজ- রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির সেমিনার

by Prokash Kal
১১ views

নিজস্ব প্রতিবেদক:

বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্সের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, বন্যপ্রাণী প্রকৃতি ও বাস্তুতন্ত্রের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, খাদ্যশৃঙ্খল সচল রাখা এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বন্যপ্রাণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্যপ্রাণী সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

তিনি আরও বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সেখানে নতুন পশুপাখি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এটিকে সাফারি পার্কের আদলে আধুনিকভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নগরীতে সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বনায়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগের কথাও তুলে ধরে তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এবং রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।

দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও পরিবেশ-সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: