
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে রাজশাহীতে নির্মিত হচ্ছে ‘নজরুল ভিলেজ’। ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণকাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, প্রকল্পটির মূল আকর্ষণ হবে ‘নজরুল মঞ্চ’ ও ‘নজরুল কর্নার’। উন্মুক্ত ও বৃক্ষশোভিত পরিবেশে নির্মিত এই প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে বছরজুড়ে নজরুলের সাহিত্য, সংগীত, আবৃত্তি ও শিল্পচর্চাকেন্দ্রিক নানা আয়োজন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের আশা, ‘নজরুল ভিলেজ’ শুধু একটি স্থাপনা হিসেবেই নয়, বরং জাতীয় কবির সাহিত্য, সংগীত, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক দর্শন চর্চার একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে নজরুলের সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করতে এবং সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
