
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বাইরে বিশেষভাবে নির্বাচিত চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার মো. শ্যামল শেখ (২৮), দাশপুকুর এলাকার মো. আলামিন (২৬), পূর্ব মোল্লাপাড়া এলাকার ফিরোজ আলী (২৬), লক্ষ্মীপুর প্যারামেডিকেল মোড় এলাকার মো. মাহামুদ হাসান সুমন (৪০) এবং বহরমপুর এলাকার বাবু (৪০)। তারা সবাই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করেন।
অভিযানকালে তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ৭৫ গ্রাম গাঁজা, ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৫৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৮টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
আরএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় শ্যামলের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি এবং বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা রয়েছে। আলামিনের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া বাবুর বিরুদ্ধে রাজপাড়া থানায় পাঁচটি মাদক মামলা ও পেনাল কোড আইনের একটি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরএমপি জানিয়েছে, মাদকমুক্ত রাজশাহী গড়ে তুলতে বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
