আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ: প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে জরুরি প্রতিবাদ সভা করেছে রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ। সভায় বক্তারা বলেন, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গত ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের এক অনুষ্ঠানে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক সোহেল মাহবুবের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তারা বলেন, রাজশাহী প্রেসক্লাব দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন। এ প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের নিয়ে অশালীন, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান শুধু প্রেসক্লাব নয়, গোটা সাংবাদিক সমাজের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

তারা আরও বলেন, সোহেল মাহবুব অনতিবিলম্বে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবাদ সভায় প্রেসক্লাবের নতুন সদস্য অনুমোদন, প্রেসক্লাববিরোধী অপতৎপরতা মোকাবিলায় করণীয়, প্রেসক্লাব ভবনের সংস্কার কাজের অগ্রগতি, প্রেসক্লাবের নামে ব্যাংক হিসাব খোলা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, আব্দুল সবুর ও শাহরিয়ার অন্ত, যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন ও মো. নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক জিএম হাসান-ই-সালাম বাবুল, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী এবং কার্যনির্বাহী সদস্য মোঞ্জুয়ারা খাতুন, আজিবার রহমান, রুবেল সরকার, মো. রাজিব আলী রাতুল ও রাউফ উদ্দিন রাফি।

সভা শেষে রাজশাহী প্রেসক্লাবের ঐক্য, মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসক্লাবকে ঘিরে যেকোনো অপপ্রচার, ষড়যন্ত্র ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: