আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট রুটি দেওয়ার অভিযোগ, সরবরাহকারী সুশীলনের বিরুদ্ধে

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নিম্নমানের, দুর্গন্ধযুক্ত ও ফাঙ্গাস আক্রান্ত রুটি সরবরাহের অভিযোগ উঠেছে সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) সরেজমিনে উপজেলার ১৮ নং পশ্চিম কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩২ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুল ফিডিংয়ের জন্য সরবরাহকৃত রুটিতে দুর্গন্ধ ও ফাঙ্গাসের উপস্থিতি রয়েছে। এছাড়া নির্ধারিত ওজনের চেয়েও রুটির ওজন কম পাওয়া যায়। নিয়ম অনুযায়ী প্রতিটি রুটির ওজন ১২০ গ্রাম হওয়ার কথা থাকলেও পরিমাপে একটি রুটির ওজন ১১৪ গ্রাম এবং অন্যটির ১১০ গ্রাম পাওয়া যায়।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ বন্ধ করে দেয় এবং বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে অবহিত করে।

১৮ নং পশ্চিম কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান বলেন, “প্রতিদিনের মতো আজও স্কুল ফিডিংয়ের খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়। কিন্তু রুটির প্যাকেট খুলে দেখি মান ভালো নয়, দুর্গন্ধ রয়েছে এবং ওজনও কম। তাই শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

১৩২ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, “গ্রহণকারী কমিটির সদস্যরা রুটির প্যাকেট খুলে দুর্গন্ধ পান। বিষয়টি জানার পরপরই আমি শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ বন্ধ করে দিই এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি।”

এ বিষয়ে মিড-ডে মিল কর্মসূচির সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের কর্মকর্তা মো. আব্দুল জলিল বলেন, “আজ রুটি বিতরণের পর কয়েকটি প্রতিষ্ঠান অভিযোগ জানিয়েছে। এরপর আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে রুটি বিতরণ না করার নির্দেশনা দিয়েছি এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিউ হুগলী বেকারীকেও বিষয়টি অবহিত করেছি।”

শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

You may also like

Leave a Comment

শিরোনাম: