আজ- , ,

রাজশাহী মেডিকেলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৪৫, চিকিৎসাধীন ১৮৩

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) হাসপাতালের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৮৩ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে ডেঙ্গুর শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, রাজশাহীর পাঁচজন, নাটোর ও কুষ্টিয়ার দুজন করে চারজন এবং অন্যান্য এলাকার চারজন রয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আসছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তারা রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। নিয়মিত চিকিৎসা ও সেবা পেয়ে অনেকেই সুস্থ হয়ে উঠছেন। তবে রোগীর তুলনায় শয্যাসংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক রোগী ও স্বজন।

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের চিকিৎসাসেবা ও শয্যা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
13 November 2026

রাজশাহী মেডিকেলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৪৫, চিকিৎসাধীন ১৮৩

www.prokashkal.com |
/Prokashkal