আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটে ক্লিয়ারেন্স ও ভেরিফিকেশন সেবা এখন অনলাইনে

by Prokash Kal
৩৩৮ views

রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীদের জন্য ক্লিয়ারেন্স, সার্টিফিকেট ভেরিফিকেশনসহ একাধিক একাডেমিক সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। বুধবার (২৯ জানুয়ারি) অনলাইনে ক্লিয়ারেন্স সম্পন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুয়েটের সাবেক শিক্ষার্থীরা।

পুরকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ বলেন, “আগে ক্লিয়ারেন্স পেতে বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো, অসংখ্য স্বাক্ষর সংগ্রহ করতে হতো, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য ছিল। এখন অনলাইন ব্যবস্থার ফলে এই ভোগান্তি অনেকটাই কমে গেছে। এজন্য রুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

যেসব সেবা অনলাইনে পাওয়া যাবে:
১. অনলাইন ক্লিয়ারেন্স
২. একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি
৩. সনদপত্রের ভেরিফিকেশন
৪. বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিনামূল্যে নথিপত্র ভেরিফিকেশন

শিক্ষার্থীরা অনলাইনে পেমেন্ট সম্পন্ন করে কুরিয়ার বা সরাসরি এসে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী, মূল সনদপত্রের প্রত্যয়নের জন্য আগে প্রতি পৃষ্ঠার জন্য ২০ মার্কিন ডলার লাগলেও এখন তা মাত্র ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, ট্রান্সক্রিপ্ট প্রত্যয়ন ফি প্রতি পৃষ্ঠায় ৫০ টাকা করা হয়েছে, যা পূর্বে ২০ মার্কিন ডলার ছিল। এছাড়া, ইমেইল ভেরিফিকেশন এখন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।

রুয়েট আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব বলেন, “আগে শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে ঘুরে ক্লিয়ারেন্স নিতে হতো, যা সময়সাপেক্ষ ছিল। এখন এই প্রক্রিয়াগুলো অনলাইনে নিয়ে আসার ফলে শিক্ষার্থীদের ঝামেলা কমবে। আমাদের লক্ষ্য চলতি বছরের মধ্যেই পুরো রুয়েটকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা, যাতে শিক্ষার্থীরা একটি অ্যাপের মাধ্যমে ক্লিয়ারেন্স, কোর্স রেজিস্ট্রেশন, ফি প্রদান, লাইব্রেরি ও হল সংক্রান্ত চার্জ পরিশোধসহ সব সেবা পেতে পারেন।”

এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ও শ্রম বাঁচাবে এবং রুয়েটকে আরও প্রযুক্তিনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: