
মো: শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে তাসলিমা খাতুন (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ও নিহতের স্বামী উজ্জ্বল প্রামাণিককে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের একটি দল।
রোববার (১৭ মে) দুপুরে তাকে শাহজাদপুর আমলী আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ মে সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু পূর্বপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে গৃহবধূ তাসলিমা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক ছিলেন।
পরে তথ্য অনুসন্ধানে জানা যায়, শাশুড়ি রহিমা খাতুনের পরকীয়ার বিষয়টি জেনে যাওয়ায় পারিবারিকভাবে তাসলিমা খাতুনের ওপর নির্যাতন চালানো হতো। নিহতের পরিবারের অভিযোগ, রাতের কোনো এক সময় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে মোঃ সাইফুল ইসলাম জানান, ঘটনার দিনই নিহতের পিতা তাহের মন্ডল বাদী হয়ে স্বামী উজ্জ্বল প্রামাণিক ও তার বাবা-মাসহ চারজনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এসআই মাহমুদুল ও এএসআই ফারুকের নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশের একটি দল শনিবার বিকেলে ঢাকার আশুলিয়া এলাকা থেকে মূল অভিযুক্ত উজ্জ্বল প্রামাণিককে গ্রেপ্তার করে।
