আজ- শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ রাষ্ট্রীয় সংস্থার শীর্ষ পদে নতুন নিয়োগ, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান বুলবুল

by Prokash Kal
৩৩ views

নিজস্ব প্রতিবেদক: সরকার বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে বড় ধরনের রদবদল করেছে। একযোগে ১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি পদ গ্রেড-২ মর্যাদার, আর নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে পৃথকভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক ১২টি প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষর রয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে আলোচিত নিয়োগ হলো রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তাঁকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সালাহউদ্দিন সরকার। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মোহাম্মদ রাশেদুল হক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এ টি এম আবদুল বারী ড্যানী।

অন্যদিকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হয়েছেন মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল)। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে মো. শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে মো. জাকির সিদ্দিকি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে মো. মামুন হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সামসুল আলম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব নিয়োগাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: