
নিজস্ব প্রতিবেদক:
একসময় পুলিশ ভেরিফিকেশন (ভিআর) নিয়ে চাকরিপ্রত্যাশীদের মধ্যে নানা ধরনের হয়রানি ও বিব্রতকর অভিজ্ঞতার অভিযোগ শোনা যেত। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্রে পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন ৪৪তম থেকে ৪৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন প্রার্থী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান পুলিশ কমিশনার দায়িত্ব গ্রহণের পর পুলিশি সেবাকে আরও সহজ, স্বচ্ছ, হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। সেবার মান নিশ্চিত করতে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তাদের মতামত গ্রহণের উদ্যোগও নেওয়া হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে ৪৪তম থেকে ৪৮তম বিসিএসে উত্তীর্ণ কয়েকজন প্রার্থী স্বেচ্ছায় তাদের পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, ভেরিফিকেশন প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত, সহজ এবং পেশাদার পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হয়রানির মুখোমুখি হতে হয়নি বলেও তারা উল্লেখ করেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, জনসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সেবাগ্রহীতাদের মতামতকে গুরুত্ব দিয়ে পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ইতিবাচক সেবার অভিজ্ঞতা মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে।
জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক আচরণের চর্চা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
