
নিজস্ব প্রতিবেদক:
‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ ৭টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সাতটি টিম।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত হন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি রুয়েট শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজ নেন।
মেলায় রুয়েটের সাতটি টিম দুইটি স্টলে—৬৮ ও ৬৯ নম্বরে—তাদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শন করছে। এসব প্রকল্পের প্রোটোটাইপ ও পোস্টারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন তুলে ধরা হচ্ছে।
টিমগুলোর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী।
আয়োজকদের মতে, মেলার মূল লক্ষ্য দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিল্পখাত ও বিনিয়োগকারীদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ এবং বাজারজাতকরণের সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে তরুণ উদ্ভাবকদের সৃজনশীল ধারণাকে বাজারমুখী করার পাশাপাশি দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
রুয়েটের শিক্ষার্থীদের এ অংশগ্রহণের মাধ্যমে তাদের উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগ শিল্প ও বিনিয়োগ খাতের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তিন দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পাশাপাশি প্লেনারি ও প্যারালাল সেশন, গোলটেবিল বৈঠক এবং সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
