আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাদপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

by Prokash Kal
১১৪ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ইসলামি ওয়াজ মাহফিলে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১১ই জানুয়ারি ) সকাল ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ হাসুয়া, দা ও ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে সরকার গ্রুপ ও ফকির গ্রুপ অংশ নেয়। দুই পক্ষের নেতৃত্বে ছিলেন জিয়ারুল ফকির ও মাহফুজ সরকার। জানা যায়, শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকার এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন ও রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, রোববার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের নেতাদের কাছ থেকে ভবিষ্যতে মারামারিতে জড়াবে না এ মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কেউ আইনি ব্যবস্থা নিতে চাইলে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত