
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর থানা এলাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুর থানার খাবারে বিষ প্রয়োগে হত্যা মামলার আসামি আবুল কাশেমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫।
র্যাব জানায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা ভিকটিম আনিকুল ইসলামকে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় ভিকটিমের ভাই আসলাম উদ্দিন বাদী হয়ে দৌলতপুর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরবর্তীতে বুধবার (৪ মার্চ) বিকেলে নাটোর জেলার লালপুর থানাধীন পাইকপাড়া সেন্টার মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
