
স্টাফ রিপোর্টার:
রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকায় চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রোববার (১০ মে) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি এক যুবককে মারধর করছেন। এ সময় ওই যুবককে “হৃদয় ভাইয়া” বলে চিৎকার করতে শোনা যায়। স্থানীয়দের দাবি, মারধরে অংশ নেওয়া ব্যক্তিদের একজনের নাম মানিক। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
জানা গেছে, মারধরের শিকার যুবকের নাম তুষার। তিনি রাজশাহী নগরীর কাজলা এলাকার নাজিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে তুষারকে আটক করে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
