
শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার রূপপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিএডি মোহাম্মদ শফিকামালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই সাব্বির আরাফাত জনি, সার্জেন্ট মোঃ খোরশেদ আলম, ল্যান্স নায়েক জিয়াউর রহমান ও সিপাহী মোঃ রাশেদুল হকসহ র্যাবের একটি দল।
অভিযানকালে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং রূপপুর নতুনপাড়া এলাকার মৃত হাজী শুকুর আলীর ছেলে মোঃ আকছেদ আলী (৫২) কে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিল ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকছেদ আলী জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে শাহজাদপুরের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, র্যাবের অভিযানে উদ্ধার হওয়া ফেনসিডিল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির আওতায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
