
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবকের মাঝে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ’র আর্থিক সহযোগিতায় “জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি” প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, এনজিও ব্যক্তিত্ব মো. আব্দুর রহিম ও কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন।
বক্তারা বলেন, উপকূলীয় দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্থানীয় স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জিএম মাছুদুল আলম বলেন, “স্বাস্থ্যসেবার এই উপকরণ বিতরণ তখনই সার্থক হবে, যখন স্বেচ্ছাসেবকরা আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।”
অনুষ্ঠানে ১৫টি ফাস্ট এইড বক্স, ১৫টি ছাতা, ১৫টি ব্লাড প্রেসার মেশিন, ৪টি নেবুলাইজার, ১৫টি পালস অক্সিমিটার, ১৫টি গ্লুকোমিটার, ১৫টি থার্মোমিটারসহ বিভিন্ন চিকিৎসা ও প্রাথমিক সেবাসামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
