
নিজস্ব প্রতিবেদক:
তীব্র গরমে জনসাধারণের স্বস্তি দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে স্থাপিত অস্থায়ী বিশ্রামাগার পরিদর্শন ও পথচারীদের মাঝে ছাতা বিতরণ করেছে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় নগরীর রেলগেট মোড়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজু, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি দীপু সরকার এবং জননেতা আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার এবং প্রজেক্ট অফিসার আবু মো. জুবায়েরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংগঠনটি জানায়, চলমান তাপপ্রবাহে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নগরীর রেলগেট, সাহেববাজার জিরো পয়েন্ট এবং লক্ষ্মীপুর মোড়ে অস্থায়ী বিশ্রাম কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে পথচারীদের জন্য বিনামূল্যে বিশ্রামের ব্যবস্থা, সুপেয় খাবার পানি, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, হাতপাখা ও ছাতা বিতরণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
