আজ- শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েট শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগে ‘বাংলা টিফিন’কে শোকজ

by Prokash Kal
২২ views

রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যাম্পাসে ইজারাভিত্তিক খাদ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলা টিফিন-এর এক কর্মচারী ও ব্যবস্থাপকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যন্ত্রকৌশল বিভাগের ২০২৩ সিরিজের শিক্ষার্থী সৌভিক মণ্ডল (জয়) বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল প্রায় ১১টায় ছাত্রকল্যাণ দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আগের দিন (২২ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে বাংলা টিফিনের এক্সটেনশন কাউন্টার থেকে পার্সেল খাবার সংগ্রহ করতে গেলে দায়িত্বে থাকা এক কর্মচারীর সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি অশোভন আচরণের শিকার হন। পরে মূল কাউন্টারে গিয়ে বিষয়টি জানাতে চাইলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকও তার সঙ্গে রূঢ় ও অসম্মানজনক ভাষায় কথা বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী শিক্ষার্থী সৌভিক মণ্ডল (জয়) বলেন, “বাংলা টিফিন চালু হওয়ার পর আশা করেছিলাম অন্তত ভালো সেবা ও সম্মানজনক আচরণ পাব। কিন্তু খাবারের মান নিয়ে প্রশ্ন থাকলেও সবচেয়ে হতাশাজনক বিষয় ছিল কর্মচারী ও ব্যবস্থাপকের ব্যবহার। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

অভিযোগ পাওয়ার পর সুপার শপ কমপ্লেক্স, ক্যাফেটেরিয়া ও শপ বরাদ্দ কমিটি জরুরি সভা আহ্বান করে বিষয়টি পর্যালোচনা করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা টিফিনের স্বত্বাধিকারী মো. মুর্শেদ জামান-কে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মচারীর আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে। এছাড়া ইজারা চুক্তির ধারা ৪(২) অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ চুক্তির শর্ত ভঙ্গের শামিল। এ অবস্থায় কেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ্ আল মাহমুদ বলেন, “শিক্ষার্থীর লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জরুরি বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধি ও চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। রুয়েট পরিবারের কোনো সদস্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সুযোগ নেই। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রশাসন সবসময়ই দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাংলা টিফিনের স্বত্বাধিকারী মো. মুর্শেদ জামান-এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, অভিযোগের পর প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

You may also like

Leave a Comment

শিরোনাম: