
রুয়েট প্রতিনিধি:
রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ শিক্ষার্থী। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে এ সুযোগ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা নগর ব্যবস্থাপনা, প্রকৌশল কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা। এ ছাড়া প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন তাদের পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়েই রুয়েট শিক্ষার্থীদের জন্য সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রয়োগের সুযোগ পাবেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি রুয়েট ও রাসিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে রাজশাহীকে আরও আধুনিক, পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা। পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা রূপরেখা নিয়েও আলোচনা হয়।
রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি হওয়া বিশ্ববিদ্যালয় ও রাজশাহী সিটি কর্পোরেশন—উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে এ সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।” তিনি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ায় রাসিক প্রশাসককে রুয়েটের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, “আমাদের সিনিয়ররা এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাননি। আমরাই প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছি। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ সুযোগ দেওয়ার জন্য রাসিক প্রশাসকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
জানা যায়, গত ১৪ জুলাই রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। ওই বৈঠকে রাজশাহী নগরীর উন্নয়ন, শিক্ষা ও গবেষণা, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি গঠন এবং রাসিক-রুয়েটের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সে সময় রুয়েট শিক্ষার্থীদের জন্য রাসিকে ইন্টার্নশিপের সুযোগ তৈরির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
ইন্টার্নশিপ চলাকালে শিক্ষার্থীরা রাসিকের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম, নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব নগর উন্নয়ন কার্যক্রমের সঙ্গে প্রয়োগের সুযোগ তৈরি হবে, যা তাদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে।
