
নিজস্ব প্রতিবেদক:
তীব্র তাপপ্রবাহ মোকাবিলা ও নগরবাসীকে স্বস্তি দিতে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী কুলিং সেন্টার স্থাপনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নগরের পরিবেশ উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার সকালে নগরীর হোটেল এক্স মিলনায়তনে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট আয়োজিত ‘লেসন লার্নড ওয়ার্কশপ ফ্রম টেস্টিং দ্য ড্রাফট ন্যাশনাল আর্লি অ্যাকশন প্রটোকল’ শীর্ষক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন।
কর্মশালায় মাহফুজুর রহমান রিটন বলেন, তাপপ্রবাহ মোকাবিলায় নগরবাসীর সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। রাজশাহীকে আরও বাসযোগ্য ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বেসরকারি উন্নয়ন সংস্থা ও এনজিওগুলোকে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নগরের পরিবেশ উন্নয়নে রেড ক্রিসেন্টের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের বিষয়েও আলোচনা হয়।
সভায় রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়। এর মধ্যে নগরীর খেলার মাঠ উন্নয়ন এবং মুক্তমঞ্চের সামনে সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের উদ্যোগের কথা জানানো হয়।
কর্মশালায় জানানো হয়, সম্প্রতি তীব্র তাপপ্রবাহের সময় নগরীর রেলগেট ও লক্ষ্মীপুর মোড়ে দুটি কুলিং সেন্টার স্থাপন করা হয়েছিল। এসব কেন্দ্রে বিনা মূল্যে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়। অসুস্থ হয়ে আসা ব্যক্তিদের রক্তচাপ ও ডায়াবেটিসও পরীক্ষা করা হয়। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও কার্যকর করার বিষয়ে কর্মশালায় অভিজ্ঞতা বিনিময় করা হয়।
রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সেক্রেটারি ডা. মো. শামীম হোসেন চৌধুরী নগরীতে স্থায়ী কুলিং সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে সিটি করপোরেশন প্রশাসকের প্রতি আহ্বান জানান। তাপপ্রবাহের সময় নগরবাসীকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কুলিং সেন্টারের পাশাপাশি যাত্রী ছাউনি স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
মাহফুজুর রহমান রিটন রেড ক্রিসেন্টের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। দুর্যোগ ও মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাসিক প্রশাসকের বিভিন্ন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাপপ্রবাহের মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় আগাম পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় অংশীজনদের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
৩০ যুব স্বেচ্ছাসেবকের ফার্স্ট এইড প্রশিক্ষণ
এদিকে, একই আয়োজনে আইসিআরসির সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এবং প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে চার দিনব্যাপী ‘অ্যাডভান্স ফার্স্ট এইড’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত রাজশাহী বিভাগের ৯টি জেলার ৩০ জন যুব স্বেচ্ছাসেবক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মো. তৌহিদ হাসান, আইসিআরসির ডা. জালিসা খানম, ফার্স্ট এইড প্রোগ্রাম ম্যানেজার ফারহানা আক্তার ডলি, হেলথ ফিল্ড অফিসার এবং জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম অফিসার মো. দিদারুর আলম (রাফি), প্রশিক্ষণ বিভাগের উপসহকারী পরিচালক এস এম জাহিদুর রহমান ও ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান।
