আজ- মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৮ 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১টি ইয়াবা ও ৩৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি), পবা, চন্দ্রিমা ও কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ। এসব অভিযানে নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

আরএমপি সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত নয়টার দিকে বোয়ালিয়া থানার মিরেরচর এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর কাছ থেকে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে রাত পৌনে নয়টার দিকে বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকায় রাজিয়া বেগম (৪১) নামের এক নারীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

একই রাতে পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান সবুজ (৩০) ও বাবু (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মোট ১৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় অনলাইন জুয়া বা বেটিংয়ের কাজে ব্যবহৃত ৫৬টি অ্যাপস, আটটি জিমেইল আইডি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাকিব হোসেন (২৮), সোহাগ (২২) ও রেজানুর রহমান রেজান (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। সাকিবের কাছ থেকে আটটি ইয়াবা ও সোহাগের কাছ থেকে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, রেজান দীর্ঘদিন ধরে সাকিব ও সোহাগের সহযোগী হিসেবে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।

পুলিশ জানায়, সাকিবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি ও পেনাল কোডে দুটি মামলা রয়েছে।

এর আগে রোববার (১৬ আগস্ট) রাতে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম শহিদ ওরফে জাফর (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে চারটি ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, জাফরের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় চারটি এবং নাটোর সদর থানায় একটি মাদক মামলা রয়েছে।

একই রাতে আদর্শপাড়া এলাকায় অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাব্বিল হোসেন ওরফে রাব্বি (২৬) পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে তাঁর ফেলে যাওয়া ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরএমপি জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও জুয়া আইনে পৃথক মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক রাব্বিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: