
এইচ এম হেলাল, বরগুনা জেলা প্রতিনিধি:
বসতঘরে চুরির চেষ্টা, আর সেই খবর গেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। ফোন পাওয়ার পর এক মুহূর্ত দেরি না করে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরগুনা সদর থানার ২ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর ধুপতি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চর ধুপতি এলাকার মো. রুহুল আমিন আকনের বসতঘরে চুরির চেষ্টা চলছে—এমন খবর ৯৯৯-এর মাধ্যমে বরগুনা সদর থানায় পৌঁছায়। খবর পেয়েই সদর থানার এসআই (নিঃ) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
পুলিশের এ তাৎক্ষণিক অভিযানে চুরির চেষ্টা ভেস্তে যায়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩৮০/৪৫৪ ধারায় অপরাধের অভিযোগে বরগুনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
